সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ঘরকাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আক্তারুজ্জামান (৪৭) ও সিলেটের বিয়ানীবাজার থানার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৬৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে রিকাবীবাজারস্থ খালেদ বশির মিয়ার গ্যারেজের সামনে টিনের চালা সম্বলিত পরিত্যক্ত জায়গায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সামগ্রীসহ ২ জুয়াড়িকে আটক করে ডিবি।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/আরআর




