সিলেটের গোলাপগঞ্জে রাস্তা নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বাদেপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উত্তর আলমপুরে এলাকার মুরুব্বি আবুল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন গেদাই, প্রবীণ মাহতাব উদ্দিন, হাফিজ আফসার উদ্দিন, আব্দুস শুক্কুর, ইউনুস আলী, জয়নাল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জয়নাল উদ্দিনের সাথে মৃত ফরমুজ আলীর পুত্র আছকর আলীর উত্তর আলমপুর এলাকার লম্বাহাটির রাস্তা দিয়ে চলাচল নিয়ে সমস্যা সৃষ্টি হয়। ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ও সর্বস্তরের মুরুব্বিদের উপস্থিতিতে জয়নাল উদ্দিনের বসতবাড়ির পূর্ব পাশ দিয়ে জয়নাল উদ্দিন গংদের খরচে নিজ মালিকানাধীন জায়গায় উপর দিয়ে একটি রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে, যা দিয়ে বাড়ির লোকজন চলাচল করছেন। এতে উভয় পক্ষের জন্য খুবই সুবিধা হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও মুরুব্বিদের এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ আছকর আলী গংরা। তাদের মধ্যে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, কয়েকদিন আগে বাদেপাশা ইউনিয়নে মানববন্ধন না করে ঢাকাদক্ষিণ ইউনিয়নের কোনো এক স্থানে মানববন্ধন করে বিভ্রান্তমূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
এ বিষয়ে জয়নাল উদ্দিন ও তার পরিবারের লোকজন বলেন, আমাদের বসতঘরের সামনে উঠানের পাশে পুকুর। পরিবারের লোকজন সেটি গোসলসহ প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন। যখন নারীরা গোসল ও প্রয়োজনীয় কাজে পুকুরে যান, তখন আছকর আলী গংদের ছেলেরা অশ্লীল কথাবার্তাসহ মোবাইল দিয়ে বিভিন্ন কুকর্ম করে থাকে। আবার কোনো কোনো সময় তারা দাঁড়িয়ে থাকে পুকুরঘাটে। এটা শুধু আমাদের জন্য নয়, যেকোনো সুস্থ মানুষের জন্যও লজ্জার ব্যাপার। সবারই তো মা-বোন আছে। এজন্য আমরা তাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা দিয়েছি। এ নিয়ে আমিসহ আমার পারবারের লোকদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। তাই আমরা ভয় পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সিলেটে একটি মামলা করি (মামলা নং-১১৬/২০০২৪ ইং)।
এ বিষয়ে অভিযুক্ত আছকর আলী এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমরা পুরনো রাস্তা ব্যবহার করতে ইচ্ছুক। অন্য কোনো বিকল্প রাস্তার প্রয়োজন নেই।
জৈন্তা বার্তা/আরআর




