বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমন্তবর্তী অঞ্চল থেকে ১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, গত বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, ডিবিরহাওর, সংগ্রাম, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কমলা, গরু, মহিষ, বিস্কুট, চকলেট, কিসমিস, মেহেদী, জিলেট রেজার, সাবান, ট্যাং, শ্যাম্পু, ফুচকা, পোস্ত দানা, মদ, গাঁজা, বিয়ার, চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার ৫৫০.০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামালগুলো জব্দ করা হয়েছে। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




