ছবি: নিজস্ব
সারাদেশের মতো সিলেটেও ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চলছে। শনিবার এই অভিযানের এক সপ্তাহ পূর্ণ হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গেল সপ্তাহে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
তবে অপারেশন ডেভিল হান্টে সিলেটের চিন্থিত সন্ত্রাসীরা গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোঁড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অস্ত্রধারীদের অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। তারা দেশে লুকিয়ে আছে না কি ভারতে পালিয়ে গেছে সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সিলেটে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত যারাই ধরা পড়েছে তারা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। ধরা পড়া নেতাদের প্রায় সবাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক। অর্থাৎ অভিযানে যারা ধরা পড়ছে তারা কেউই চিহ্নিত ক্যাডার বা বড় পর্যায়ের নেতা নয়। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য নয়। অপরাধী ছোট-বড় যে দলেরই হোক না কেন, অপারেশন ডেভিল হান্টে সে ধরা পড়বে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার তথ্যমতে, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে শনিবার পর্যন্ত গেল এক সপ্তাহে মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সরাসরি অভিযানে এবং কয়েকজনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তবে আসামি গ্রেপ্তারের পাশাপাশি অভিযান কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে অন্যান্য অপরাধ কমে গেছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, বিভিন্ন অপরাধে জড়িতরা গ্রেপ্তার হলেও ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত অপরাধীরা এখনও ধরা- ছোঁয়ার বাইরে।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই প্রথম নগরীর আখালিয়ায় পুলিশের সঙ্গে অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। পরবর্তীতে ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ঠেকাতে অস্ত্র নিয়ে রাজপথ দাপটের সাথে মহড়া দেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের ক্যাডাররা। সেদিন আন্দোলনকারীদের দমাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে রাজপথে নামে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা। ছাত্র-জনতার ওপর গুলিও চালায় তারা। নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা, আম্বরখানা, বারুতখানা এলাকায় দেখা গেছে প্রকাশ্যে অস্ত্রের মহড়া। ওইদিন ক্যাডাররা বন্দুক, রিভলবার, পিস্তল, এম-১২ সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্র-জনতার ওপর। তাদের কারও হাতে ছিল আগ্নেয়াস্ত্র, আবার কারও কারও হাতে ছিল রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার রড। তবে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি ছোঁড়া অস্ত্রধারী ক্যাডাররা গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অস্ত্রধারীদের অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা।
অস্ত্র হাতে মহড়ায় ছিলেন যারা : ওইদিন একটি অত্যাধুনিক অস্ত্র দেখা গেছে রুহুল আমিন শিবলু নামে একজনের হাতে। প্রবাসফেরত এই ক্যাডার অপসারিত সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। সূত্র বলছে, এরই মধ্যে তিনি দেশে ছেড়ে সীমান্ত পথে ভারতে পালিয়েছেন। একটি ছবিতে দেখা গেছে, ওইদিন তার সঙ্গে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরসহ কয়েকজন ক্যাডার। এদের মধ্যে এমদাদ রহমান দুবাই ও জাকির বর্তমানে শিলংয়ে অবস্থান করছেন বলে সূত্র জানিয়েছে।
এ ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, এমসি কলেজের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন ওরফে কালা দেলওয়ার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সিনিয়র সদস্য বাবুল হোসেন পাঙ্গাস, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সাবেক ছাত্রলীগ নেতা মিঠু তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি দে, সাবেক ছাত্রলীগ নেতা অরুন দেবনাথ সাগর, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, যুবলীগ নেতা সজল দাস অনিক, দেলোয়ার হোসেন রাহি, হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা জাহেদ, মুনিম অখিলি, শান্ত, শুটার আনসার, নাজন আহমদ, তানভীর, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত চন্দ্র রিমী, যুবলীগের গৌরাঙ্গ দাশসহ অনেকে দেশের বাইরে বলে জানা গেছে।
সূত্র জানায়, ৫ আগস্ট ক্ষমতা পালাবদলের পরপরই গা ঢাকা দিয়েছেন তারা। সূত্র আরও জানায়, তাদের বড় একটি অংশ ভারতের শিলং ও কলকাতায় অবস্থান করছেন। সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে তারা পালিয়ে গেছেন। আবার কারো কারো পাসপোর্টে অন্য দেশের ভিসা থাকায় তার ভারত থেকে সেই দেশে চলে গেছেন।
জমা পড়েনি ৮৪টি অস্ত্র : প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট জমাযোগ্য ৫৪৪টি অস্ত্রের মধ্যে ৪৬০টির বেশি অস্ত্র জমা পড়েছে। এখনো ৮৪টি অস্ত্র জমা করা হয়নি। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় মোট অস্ত্র ১৯০টি এবং জেলায় ৩৫৪টি আগ্নেয়াস্ত্র রয়েছে। তার মধ্যে পিস্তল ও রিভলবার ৫৪টির মধ্যে ২১টি জমা পড়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী জৈন্তাবার্তাকে বলেন ‘এখন দিনে-দুপুরে ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা যেভাবে হচ্ছে, তাতে মনে হচ্ছে আইনশৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবশ্যই এ ধরনের কর্মসূচি দরকার। আমরা স্বাগত জানাই। তবে তার মানে এই নয় যে, আগের সরকারের সঙ্গে যারা জড়িত ছিল তার বাসায় আগুন দিতে হবে, তাকেই ডেভিল বানাতে হবে। এটা যদি কর্মসূচি হয়, তাহলে এই কর্মসূচি কখনোই আলোর মুখ দেখবে না।’
তিনি আরও বলেন, ‘এখন যারা ধরা পড়ছেন তারা একদমই পাতি নেতাকর্মী। যারা মূল পরিকল্পনাকারী, বিভিন্ন ধরনের করাপশনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে তো ধরা হচ্ছে না। আমরা দেখলাম আমাদের সেনাপ্রধান বলেছেন- ক্যান্টনমেন্টে এতজন ছিল, শুনেছি পার হয়ে যেতে, বর্ডার ক্রস করতে সাহায্য করা হয়েছে। আবার তারাই তাদের বিরুদ্ধে মাঠে নামছে খুঁজে বের করার জন্য। এই ধরনের কার্যক্রম বিশ্বাসযোগ্যতা হারায়।’
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় জৈন্তাবার্তাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ছোঁড়া অস্ত্রধারীরা শনাক্ত হয়েছে। তবে তাদের কেউই এখন প্রকাশ্যে নেই। অস্ত্রধারীরা দেশে লুকিয়ে আছে না কি পালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধরতে ও অবস্থান শনাক্ত করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
জৈন্তাবার্তা / মনোয়ার




