সিলেটে তিন বছরে মাতৃগর্ভে ২০০০ শিশুর মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সিলেটে তিন বছরে মাতৃগর্ভে ২০০০ শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০২/২০২৫ ০৯:৩৫:২৮ পূর্বাহ্ন

সিলেটে তিন বছরে মাতৃগর্ভে ২০০০ শিশুর মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সিলেটে বড় থেকে ছোট- সব হাসপাতালেই কমেছে স্বাভাবিক প্রসব, বেড়েছে সিজার। একইসঙ্গে প্রতি বছর বাড়ছে মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার। প্রসব পরবর্তী নানা জটিলতা নিয়ে হাসপাতালে গেলেও মায়েদের শেষ রক্ষা হচ্ছে না। পুষ্টির অভাবে এবং জন্মকালীন সতর্কতা না মেনে চলার কারণে দিনদিন মাতৃগর্ভে শিশু মৃত্যু বাড়ছে। কেবল তাই নয়; মৃত সন্তান প্রসবের কারণে অসহায় মায়েদের পড়তে হচ্ছে পারিবারিক-সামাজিক বিড়ম্বনায়।

এরকম ঘটনা বিশেষ করে লক্ষ্য করা যায় গ্রামীণ এলাকায়। দেখা যাচ্ছে, গ্রামে এখনো অনেক সুযোগ সুবিধা পৌঁছাতে পারেনি। দুর্বল রাস্তাঘাট, শিক্ষার অভাব এর জন্য দায়ী। এছাড়া এখনও গ্রামের লোকেরা বেশ কিছু কুসংস্কার বা পুরোনো প্রথা মেনে চলে প্রসবের ক্ষেত্রে, যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিলেটে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেটে গত তিন বছরে দুই হাজারেরও বেশি শিশুর মৃত্যু মাতৃগর্ভেই হয়েছে। এরমধ্যে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত সিলেটে মাতৃগর্ভে ৭৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৩ সালে ৭৪০ জন ও ২০২২ সালে ৫৭০ জন শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬৪ জন ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ২০৬ জন শিশুর মাতৃগর্ভে মৃত্যু হয়েছে। ২০২৩ সালে ওসমানী হাসপাতালে ৫৮৩ জন, খাদিমপাড়া হাসপাতালে ৭ জন ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৫০ জন শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত মাতৃগর্ভে ৭৩২ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ওসমানী হাসপাতালে ৫৮৩ জন, খাদিমপাড়া হাসপাতালে ১৫ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১৫০ জন। এর বাইরে সিলেটের বেসরকারি হাসপাতালেও মাতৃগর্ভে অনেক শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুর মৃত্যুর কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। হাসপাতাল ছাড়াও বাসা-বাড়িতে অনেক মৃত শিশুর জন্ম হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, মাতৃগর্ভে ২৫ থেকে ৩৫ শতাংশ শিশুর মৃত্যুর কারণ এখনও অজানা। মৃত শিশুর রিপোর্ট তৈরি বা অনুসন্ধান করলেও মৃত্যুর সঠিক কারণ পাওয়া যায় না। আর যেসব কারণ শনাক্ত করা যায় তার বেশিরভাগ অংশই মায়ের সমস্যাজনিত। মায়েদের সমস্যার মধ্যে অসচেতনতা-অপুষ্টি ও অপরিকল্পিত গর্ভধারণ। এর বাইরে রয়েছে অজ্ঞতা-অশিক্ষা ও কুসংস্কার। এ অবস্থায় মাতৃগর্ভে শিশু মৃত্যুর হার কমাতে মায়েদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি ‘প্রি-কনসেপশন’ ও ‘ডিউরিং প্রেগনেন্সি’ এই দুই বিষয়ে গুরুত্ব দিতে বলছেন চিকিৎসকরা।

সিলেটের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক রাশিদা আখতার বলেন, ‘মাতৃগর্ভে মারা যাওয়া শিশুদের মধ্যে ২৫ থেকে ৩৫ শতাংশেরই কোনো কারণ শনাক্ত করা যায় না। মৃত শিশুর জন্মের পর রিপোর্ট তৈরি করলে বা ইনভেস্টিগেশন করলে কোনো কারণ পাওয়া যায় না। তবে মায়ের পরীক্ষা নিরীক্ষা করলে অনেকগুলো কারণ পাওয়া যায়।’

তিনি বলেন, ‘গর্ভে শিশুর মৃত্যুর জন্য মায়ের যে কারণগুলো পাওয়া যায় তারমধ্যে অন্যতম হলো- মায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গর্ভে ইনফেকশন, অতিরিক্ত জ্বর এবং রক্ত-প্রস্রাবের ইনফেকশন।’

তাছাড়া ডেলিভারির জন্য অপেক্ষা, অনিয়মিত ওষুধ সেবন, ভুল ওষুধ সেবন ও ‘আরলিপ্রেগন্যান্সি’ এসবের কারণেও গর্ভে সন্তান মারা যেতে পারে বলে জানান এই চিকিৎসক।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, বিষয়টি খুবই উদ্বেগজনক। মাতৃগর্ভে শিশুর নড়াচড়া না পেয়ে হাসপাতালে অসংখ্য রোগী আসেন। চিকিৎসকরা মাতৃগর্ভে বাচ্চাকে স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু তারপরও অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়। প্রতি মাসেই মাতৃগর্ভে অনেক শিশু মারা যায়।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী