ফাইল ছবি
বসন্ত শুরু হয়ে গেছে। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। শুধু তাই নয় সপ্তাহজুড়েই এমন আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ এবং খুলনা বিভাগসহ কুমিল্লা ও নোয়াখালী জেলার দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রার তেমন তারতম্য ঘটবে না। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পরদিন শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া। এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
জৈন্তা বার্তা/আরআর




