ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘুমন্ত পরিবারের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী ) দিবাগত রাতে জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘুমন্ত পরিবারের উপর হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, কেন্দ্রী গ্রামের আব্দুল্লাহ মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৩০), নুনু মিয়ার স্ত্রী মরিয়ম বেগম (৩০), নুনু মিয়ার ছেলে আলী হোসেন (১৩), মৃত আনছার মিয়ার স্ত্রী আজিরুন নেছা (৩৫)। উক্ত ঘটনায় আমিরুন নেছা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন। বর্তমানে তারা সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানাযায়, জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন হতে বিরোধ চলে আসছে। এ নিয়ে এখন পর্যন্ত তিনবার পরিবারের উপর হামলা চালায় অভিযোগ রয়েছে কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মতিন (৪৫) এর বিরুদ্ধে।
এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে আব্দুল মতিন বলেন, আমি গত কয়েকদিন যাবৎ বরিশাল চরমনাইয়ের মাহফিল ছিলাম। আর এই সুযোগে তারা মুরুব্বিদের নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জায়গায় ঘর তুলে ছিলো। তিনি বলেন, তিনি ও তার পরিবার কোন দেশীয় অস্ত্র নিয়ে কারোর উপর হামলা করেন নি। এটি তার ও তাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করেন।
এ বিষয়ে জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে শিশু, বৃদ্ধ ও যুবতী মহিলা কেউই বাদ যায়নি, ইচ্ছামতে মারধর করেছে। ঘর দোয়ার ভেঙ্গে নিয়ে গেছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক ন্যাক্কার জনক ঘটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে হামলার ঘটনায় আহতরা জৈন্তাপুর মডেল থানায় এসেছে। আমি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। ইতিমধ্যে অভিযোগ হাতে এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত পূর্বক আহনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




