সিলেটের জৈন্তাপুর উপজেলার পূর্ববাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কয়েকটি দোকান ও দোকানে থাকা মালামাল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে জৈন্তাপুরের সাপ্তাহিক হাট-বাজার এলাকা পূর্ব বাজারে মরহুম মোবারক মিয়ার মালিকানাধীন মার্কেটের একটি ফার্ণিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী শহীদ আহমেদ জানান, হঠাৎ করে আগুন দেখা যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। এ সময় মানুষ জড়ো হয়ে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়া হলে মাত্র তিন মিনিটের মাথায় ফায়ার ফাইটার টিম এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ বিষয়ে পূর্ববাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সমিতির আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। পাশাপাশি বেশি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও তিনটি দোকান। সেগুলো হলো- স্থানীয় দুলাল আহমেদের মালিকানাধীন আরাফাত স্টিল ফার্ণিচার অ্যান্ড ক্রোকারিজ, রফিকুল ইসলামের মালিকানাধীন সাইকেলের দোকান লিমু অ্যান্ড রোমান ট্রেডার্স ও মো. মনির হোসেনের মাহীন বীজঘর। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুলাল আহমেদ ও রফিকুল ইসলামের মালিকানাধীন দুটি দোকানের পণ্যসামগ্রী। দোকানের মালামাল ও মার্কেটের স্থাপনা বাবদ ক্ষয়ক্ষতি প্রায় অর্ধকোটি টাকার সমপরিমাণ।
ফায়ার সার্ভিস জৈন্তাপুরের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আল আমিন বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। আমরা প্রাথমিকভাবে গাড়িতে থাকা রিজার্ভ ওয়াটার দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। পাশাপাশি কয়েকশ মিটার দূরে বড় পুকুর থেকে দুটি ডিভাইডিং পাইপের সংযোগ করে দুইদিক থেকে পানি স্প্রে করে মাত্র ১৪ মিনিটের মাথায় আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
জৈন্তা বার্তা/আরআর




