ছবি : সংগৃহীত
ফাগুনের দিনে বৃষ্টিতে ভিজল সিলেট, ভিজল সিলেটের প্রকৃতি। ধুয়ে গেল বৃক্ষরাজির গায়ে, লতা-পাতা ও টিনের চালায় জমে থাকা ধুলাবালির আস্তরণ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশান্তির এক পশলা বৃষ্টি নামে সিলেট নগরে। সেইসঙ্গে গ্রামীণ জনপদের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আবারো অঝোরে বৃষ্টি নামে।
বৃষ্টির আগে আকাশে ছিল মেঘের ঘনঘটা আর কালবৈশাখীর ন্যায় গর্জন। দুপুরে হালকা বৃষ্টির পর আবারে বিকেলে ভারী বৃষ্টিতে ভাসে প্রকৃতি। কৃষকেরা জানান, এই মৌসুমে বৃষ্টি বোরো ধানের জন্য খুবই উপকারী। ফসলের জন্য আশীর্বাদস্বরূপ। নয়তো প্রখর রোদে ফুল ঝরে পড়ে।
যেখানে সামান্যতম বৃষ্টি ফসলের জন্য খানিকটা হলেও উপকারে আসে, সেখানে একই দিনে ভারী বৃষ্টি যেন ফসলের জন্য নিয়ামক। তাছাড়া ফাগুনের বৃষ্টিতে আমের মুকুলসহ গাছ-গাছালিতে আসা মুকুল পরিপক্বতা পাবে মনে করছেন কৃষকেরা। রোববার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




