প্রতীকী ছবি
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে নিখোঁজ এক বৃদ্ধের লাশ পাশের গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। ওই বৃদ্ধের নাম সমর আলী (৫৫)। তিনি মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন সমর আলী। আজ বুধবার সকাল ১১টায় একই ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের একটি জঙ্গলের ভেতর নিখোঁজ সমর আলীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সমর আলীর পিঠের পেছন দিকে পোশাকজুড়ে রক্তের দাগ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




