ছবি : সংগৃহীত
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি। তবে সিলেটবাসী কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। এটি মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে বিবেচিত হয়।”
রুবায়েত কবীর বলেন, “ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে। আর সিলেট থেকে ১০০ কিলোমিটারের মধ্যে।” এর আগে মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। এটি ছিল মাঝারি ধরনের ভূমিকম্প। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা-সংলগ্ন বঙ্গোপসাগর ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়ে উপকূলের জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে।
জৈন্তাবার্তা / সুলতানা




