সিলেটের জকিগঞ্জে একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনের বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), একই ইউনিয়নের মাঝবন্দ এতিছামনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ জাবেদ (৩৫) ও পৌরসভার এলাকার পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০)।
ডাকাত দলের সক্রিয় সদস্য জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি ডাকাতি ও ২টি চুরির মামলা রয়েছে এবং জসিম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় ২টি ডাকাতি ও ৪টি মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জৈন্তা বার্তা/আরআর




