সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক ডাকাতকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথের মিয়ারবাজার থেকে আটক ওই ব্যক্তির নাম আবদুল মুমিন (২৮)। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামের আব্দুল আহাদের ছেলে।
জানা গেছে, গত দুই দিন ধরে বিশ্বনাথ উপজেলায় ডাকাত প্রবেশের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জনমনে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং এলাকাভিত্তিক ডাকাত প্রতিহতের ঘোষণা দিয়ে বিভিন্ন স্থানে নির্ঘুম রাত কাটান এলাকাবাসী। বিষয়টি নিয়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সচেতনতা তৈরি ও ডাকাতি প্রতিরোধে কাজ করার জন্য ব্যাপক প্রচার চালানো হয়। শুক্রবার সন্ধ্যার পরপর বিশ্বনাথে সংঘবদ্ধ ডাকাত প্রবেশের একটি খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলের সহযোগিতায় পুলিশ প্রশাসনের অভিযান জোরদার করা হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ এক ডাকাতকে আটক করতে সক্ষম হয় বিশ্বনাথ থানার পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তা বার্তা/আরআর




