সিলেটের জৈন্তাপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২র মার্চ) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। সভায় আরো উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
সভায় চলমান পবিত্র রমজান মাসে কোনো অসাধু ব্যক্তি যাতে পণ্য মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে দাম বাড়াতে না পারে সেদিকে নজর রাখতে বাজার ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর শাক-সবজি, খেজুর, ফলমূলের দাম সহনীয় পর্যায়ে আছে। শুধুমাত্র সয়াবিন তেলের সংকট নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, স্থানীয় ডিলার থেকে চাহিদা অনুযায়ী পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে না। যে কারণে দেখা দিয়েছে কৃত্রিম সংকট।
এ সময় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দরবস্ত বাজার এলাকায় যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা পুরো রমজানে বাজার মনিটরিং কার্যক্রম চলবে বলে জানান। সয়াবিন তেলের সংকটের কারণ উদঘাটনে দ্রুত উপজেলার ডিস্ট্রিবিউটরদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের তিনি হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে নির্দেশনা প্রদানসহ প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা বাধ্যতামূলক রাখার নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় জৈন্তাপুর ডিস্ট্রিবিউশন ঐক্য সমিতির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/আরআর




