সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ বোমা মেশিন অকেজোসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
এ সময় সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বালু উত্তোলনের ইজারা নিয়ে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের খবরের অভিযোগে উপজেলার বড়গাঙ নদীর রুপচেং এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযানে বোমা মেশিনের সত্যতা পেয়ে তা অকেজো করা হয়। এ সময় বোমা মেশিনের সাথে সংশ্লিষ্টরা মোবাইল কোর্ট দেখে পালিয়ে যাওয়ার ফলে কাউকে গ্রেপ্তার বা জরিমানা আদায় করা সম্ভব হয়নি।
পরে উপজেলার বেলীবিল এলাকায় একটি ক্রাশার মিল থেকে পরিবেশ বিনষ্টের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা-১৫ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ অন্য এক প্রতিষ্ঠান থেকে মূল রাস্তার নিকট বালু স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া মহাসড়কে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা-৯২ অনুযায়ী ৩টি মামলাসহ দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। তিনি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
জৈন্তা বার্তা/আরআর




