ছবি সংগৃহীত
তার কাছে লক্ষাধিক টাকা পাওনা রয়েছে। এই টাকা কিভাবে দেবেন? তাই আজব কাণ্ড ঘটনালেন সিলেটের এক যুবক। নিজেকে নিজেই ‘অপহরণ’ করলেন। হাত-মুখ বাঁধা ছবি বাবার কাছে পাঠালেন। কিন্তু পুলিশের তৎপরতায় পরিকল্পনা শেষ করতে পারলেন না। ধরা পড়লো অপহরণ নাটক।
এমন আজব কাণ্ড ঘটিয়েছেন শাহপরাণ থানা এলাকার বালুচর এলাকার বাসিন্দা রিপন মিয়া (২৬)
জানা যায়, মঙ্গলবার রিপনের পিতা লিটন মিয়া শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দেন যে, তার ছেলে গত ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। তিনি ওইদিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ২৮ ফেব্রুয়ারি রিপনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিতার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপনের হাত ও মুখ বাঁধা ছবি আসে।
অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধারে মাঠে নামে। শাহপরান থানা পুলিশের এসআই সৈয়দ ফখরুল ইসলাম নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স ব্যবহার করে অভিযান চালানো হয়। অভিযানকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর রিপন জানান, অনেকে তার কাছে ১ লাখ ২৫ হাজার টাকা পান। পাওনাদারদের টাকা দিতে না পারায় তিনি আত্মগোপনে চলে যান এবং হাত ও মুখ বাঁধা ছবি পরিবারের কাছে পাঠান।
পরে পুলিশ রিপনকে তার বাবার জিম্মায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জৈন্তা বার্তা/আরআর




