প্রতীকী ছবি
সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভারতীয় চোরাই পণ্য ও ইয়াবা জব্দ করা হয়।
এরমধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার শেরপুর থানার মনিকচাপড় গ্রামের মো. গোলাম রব্বানির ছেলে আমিনুল ইসলাম এবং শিনপাড়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে মো. ইনসান আলী।
পুলিশ জানায়,গতকাল বৃহস্পতিবার ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর পয়েন্টেস্থ প্যারাইরচকগামী রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাক আটক করে তল্লাসী চালিয়ে ৩ হাজার ৫শ কেজি ভারতীয় মালটা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে,গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউপি এর অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাসী চালায় পুলিশ। তল্লাসীকালে ৬৮ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল কাদের ও একই থানার বাটারগুল এলাকার মো. আব্দুল মন্নানের ছেলে ছয়ফুল ইসলাম।
এসময় তাদের ব্যবহৃত ওই সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




