পৃথক অভিযান চালিয়ে সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮৪৯ পিস ইয়াবা ও ১০৮ বোতল বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে জকিগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৮৪৯ পিস ইয়াবা উদ্ধার ও ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এছাড়া অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধারপূর্বক ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে খালেদ (১৯)। তিনি গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
র্যাব-৯ জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




