জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ এনআইডি সেবা নিতে আসা গ্রাহকরা।
'এনআইডি সংরক্ষণ করুন, ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন' এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিসের সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা তুলে নিলে দুর্নীতি বাড়বে। এনআইডি সেবা নির্বাচন কমিশনের রক্তে গড়া সেবা। এটা নির্বাচন কমিশন থেকে অন্যত্র কোনোক্রমেই স্থানান্তর হতে দেয়া যাবে না। নির্বাচন কমিশনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একটাই দাবি- এনআইডি সেবা ইসির অধীনে রাখা চাই।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ ও সেবাগ্রহীতারাসহ অন্যান্যরা।
জৈন্তা বার্তা/আরআর




