সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সাহেল শাহরিয়ার নামে এক যুবক। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত সাহেল উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। রাধানগর বাজারের পাশে পৌঁছার পর দুষ্কৃতিকারীরা মোটরসাইকেল আটকে তাঁর কাছ থেকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা শাহরিয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
জৈন্তা বার্তা/আরআর




