সিলেটের গোয়াইনঘাটে বৃহত্তর জৈন্তিয়া আইনজীবী পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বৃহত্তর জৈন্তিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরোয়ার আহমদ চৌধুরী আবদাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের বক্ত জুবের, অ্যাডভোকেট তাজ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট সালমান উদ্দিন, অ্যাডভোকেট এখলাছুর রহমান, অ্যাডভোকেট নুর আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের বৃহত্তর জৈন্তিয়ায় গর্ব করার মতো যা কিছু আছে তা অনেকের নেই। তবুও আমরা অবহেলিত, উন্নয়নবঞ্চিত। আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে। বৃহত্তর জৈন্তিয়ায় গ্যাস সংযোগ, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের দাবি নয়, এখন আমাদের অধিকার। বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এখানকার প্রাকৃতিক সম্পদ গ্যাস, পাথর, বালু ইত্যাদি দিয়ে সারাদেশের মানুষ উপকৃত হচ্ছে। অথচ জৈন্তিয়াবাসী এখনও গ্যাস পায়নি।
এ অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস দিতে হবে। এটা আমাদের সম্পদ। সিকি শতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো ভোগ করতে পারিনি- এর চেয়ে দুঃখ আর কি হতে পারে?
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইনজীবী পরিষদের বিভিন্ন পদের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




