ছবি: নিজস্ব
জ্বালানি খাতের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতনতা বাড়াতে হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বিডাব্লিউজিইডির যৌথ উদ্যোগে সিলেটে "বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২২ মার্চ) সিলেটের মেট্রো ইন্টারন্যাশনাল নামের একটা হোটেল এই সভাটি হয়। 
আলোচনা সভায় জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, স্বল্প-মেয়াদি ও দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান সমন্বয়কারী মাহবুব আলম প্রিন্স এবং প্রচারাভিযান সমন্বয়কারী সাদিয়া রওশন অধরা।
মূল প্রবন্ধ উপস্থাপনের সময় সাদিয়া রওশন অধরা বলেন, ‘দেশের বার্ষিক বিদ্যুৎ চাহিদা প্রতি বছর ৬.৫ থেকে ৮.৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, তবে ২০৩০ সালের মধ্যে এটি ৫ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৪ শতাংশে-এ নেমে আসতে পারে। এই অনুসারে, বিদ্যুৎ চাহিদা ২০৩০ সালে ১২৮ টেরাওয়াট-ঘন্টা (TWh), ২০৪১ সালে ২৩১ টেরাওয়াট-ঘন্টা এবং ২০৫০ সালে ৩১৮ টেরাওয়াট-ঘন্টায় (TWh) পৌঁছাতে পারে।’
মাহবুব আলম প্রিন্স বলেন, ‘দেশের শিল্পখাতের ছাদ ব্যবহার করে ৫,০০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করা সম্ভব, যা বছরে ৮,১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে। একইভাবে, আবাসিক ভবনের ছাদে ২৫,০০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করে বছরে ৪৮,৬২০ মেগাওয়াট (MW) বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই টেকসই ও দক্ষ জ্বালানি পরিকল্পনার কৌশলগত পরিবর্তন জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণকে কমিয়ে আনবে।’ তিনি আরও বলেন, ২০৩৫ সালের পর থেকে যখন বহু বিদ্যুৎকেন্দ্র অবসরে যাবে এবং দেশের উৎপাদন সক্ষমতা হ্রাস পেতে শুরু করবে, তখন আমাদের এগোনোর পথ কী হবে? সেই অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি কি না, তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। 
সভায় ফেড সিলেট এর সভাপতি মোদাচ্ছির আলমের সভাপতিত্বে ও হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি একরামুল করীম, হাসিনা বেগম চৌধুরী, এডভোকেট জাকিয়া জালাল, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, বেলার বিভাগীয় সমন্বয়কারী শাহ শাহেদা আখতার, কাওসার চৌধুরী, আজকের পত্রিকার সিলেট ব্যুরো প্রধান ইয়াহিয়া মারুফ, এখন টিভির গুলজার আহমদ, রাইজংবিডির সিলেট ব্যুরো প্রধান নুর আহমেদ, ফেড সিলেট এর সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, নুরুল হাসান আতাহের প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। তারা টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জৈন্তাবার্তা / মনোয়ার




