সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর বধ্যভূমিসহ উপজেলার চারটি বধ্যভূমির (গণকবর) শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক ও পূর্ণানগর গ্রামের সমাজসেবক ফারুক আহমদ শ্রদ্ধা জ্ঞাপনে অংশ নেন।
পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্সরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/আরআর




