প্রবাসী অধ্যুষিত জনপদ, প্রথম শ্রেণির পৌরসভা সিলেটের গোলাপগঞ্জে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা একেবারে কম নয়। স্থানীয় লোকজনের পাশাপাশি গোলাপগঞ্জ পৌর এলাকায় কয়েক হাজার বাইরের লোক বসবাস করেন। তাদের বেশিরভাগই শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন জেলার মানুষ এখানে এসে বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে। এই শ্রমজীবী মানুষেরা গোলাপগঞ্জ পৌরসভার সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা ছাড়াও স্থানীয় লোকজনের মধ্যে অনেকেই দরিদ্রতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন।
জুলাই-আগস্ট বিপ্লবের পর দেশের সবগুলো পৌর পরিষদ বাতিল হলে গোলাপগঞ্জও এর মধ্যে পড়ে যায়। মেয়র-কাউন্সিলরবিহীন পৌরসভায় দেখা দেয় নানা জটিলতা। নাগরিক জীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বিভিন্ন কর্মকর্তাকে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা হয়।
এই কর্মকর্তারা চেষ্টা করছেন গোলাপগঞ্জ পৌরসভার মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর। সেই সুবাদে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্ব পালন করে হাজারও মানুষের হাতে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। তিনি সাংবাদিকদের জানান, গরিব-অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দেয়ার বিষয়টি তার বেশ ভালো লাগছে।
তিনি জানান, ব্যক্তিগতভাবে রমজানে যেভাবে খাদ্য, ইফতারসহ নানা ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এজন্য তিনি প্রশাসনের পক্ষ থেকে দাতাদেরকে ধন্যবাদ জানান।
জৈন্তা বার্তা/আরআর




