প্রতীকী ছবি
সিলেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও চিহ্নিত ছিনতাইকারী নাঈমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় কোতোয়ালী মডেল থানাধীন আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের পাশের রাস্তা সংলগ্ন একটি দোকানঘরে অবস্থান করাকালে আসামি নাঈমকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাইয়ের মামলা পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, নাঈম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর এলাকার ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তাকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




