সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় লক্ষাধিক মুসল্লির সমাগমে অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।
এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এছাড়া নামাজের খুতবা প্রদান ও নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)।
মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহর মাফ চেয়ে স্রষ্টার কাছে কান্নায় ভেঙে পড়েন। এসময় দেশ, জাতি ও বিশ্বমুসলিমের কল্যাণে দোয়া করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শাহী ঈদগাহ ময়দান ও চারপাশের সড়কে পরম সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
নামাজে অংশগ্রহণকারী বিশিষ্টদের মধ্যে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




