সিলেট মহানগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে একই দিনে, প্রায় একই সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের দায়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট।
বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করেন ছাত্রলীগ কর্মীরা। ১৫/২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়। এ ঘটনায় ৭ জনকে আটক করে পুলিশ।
ছাত্রলীগের ওই মিছিলের পরপর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সিলেট। সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
এছাড়া নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা ও ল্যাপটপ ভাঙচুর করে। নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বাসায়ও কিছু যুবক হামলা করে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এদিকে জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ৭ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটে।
নগরীর মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় বাসায় হামলা চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন বাসায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলার খবর পেয়েছি। তবে কে বা কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি।
শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই পরিস্থিতিতে নিষিদ্ধদের আকস্মিক উসকানি লক্ষ্যনীয়। তাই বলে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া বিএনপি সমর্থন করে না। আইনশৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর ও শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
আর সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি বাইরে ছিলাম, সিলেটে ফিরে শুনেছি। আমার দল এসব সমর্থন করে না। গত ১৫ বছর যারা যারা হামলা-মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে, ব্যানার কেড়ে নিয়েছিল সেই ফ্যাসিস্টরাই এখন আড়ালে থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। মূলত সিলেটের রাজনীতির সম্প্রীতি নষ্ট করে গেছে তারাই।
জৈন্তা বার্তা/আরআর




