মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার মধ্যে অন্যতম হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। বর্তমানে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। শহর থেকে শুরু করে গ্রামেও এটি সহজলভ্য। প্রতিদিন কোনো না কোনো জায়গায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন- এরকম সংবাদ পত্রিকার পাতায় ভেসে উঠছে। পারিবারিক অশান্তি লেগেই আছে।
মাদকের এই ভয়াবহতা উপলব্ধি করে সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই উৎসব কর্মকারের নেতৃত্বে ১১নং মধ্য জাফলং ইউনিয়নে থানা পুলিশের একটি টিম ওই ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে, জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে স্থানীয় জনতা ও বাজার কমিটির উপস্থিতিতে জুয়া ও মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য এবং মাদক ও জুয়ার বিষয়ে থানা পুলিশের জিরো টলারেন্সে অবস্থানের কথা ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি দানেজ আলী ও সাধারণ সম্পাদক নান্নু মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




