সিলেটের বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ইনকিলাব সংসদ বিশ্বনাথ আয়োজিত পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের অনুরোধে প্রেক্ষিতে আয়োজক কমিটির সভাপতি মুছন আলী ও সাধারণ সম্পাদক আমজদ আলী হোসেন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
এর আগে গত ৫ এপ্রিল ইউএনও'র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণকে মানববন্ধন পালনের আহ্বান জানিয়ে বাসিয়া ব্রিজের ওপর মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ইনকিলাব সংসদ, বিশ্বনাথ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় ও কর্মসূচি বাস্তবায়নের পক্ষে সমর্থন লাভ করে। এরপর রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। ইনকিলাব সংসদ, বিশ্বনাথের নেতৃবৃন্দকে বিষয়টি দ্রুত ও যথাযথ সমাধানের আশ্বাস দিয়ে কর্মসূচি স্থগিতের অনুরোধ জানান উপজেলা পর্যায়ের নীতিনির্ধারকেরা। সেই আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে সোমবারের কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করে ইনকিলাব সংসদ।
ইনকিলাব সংসদ, বিশ্বনাথের সভাপতি মুছন আলী বলেন, আমরা উপজেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সমাধানের আশ্বাসে তাঁদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করেছি। আমরা আশা করি তাদের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু একটি সমাধান পাবো। দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম বন্ধ না হলে কিংবা এর দ্রুত সমাধান না হলে পরবর্তীতে বিশ্বনাথের সকল শ্রেণি-পেশার মানুষদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো।
এসময় তিনি মানববন্ধন কর্মসূচি পালনে যারা দেশ-বিদেশ থেকে সোচ্চার হয়ে সমর্থন যুগিয়েছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরবর্তী কর্মসূচির ঘোষণা না দেওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/আরআর




