ছবি : সংগৃহীত
মালয়েশিয়াগামী ২১৪ জন রোহিঙ্গাসহ একটি মাছ ধরার নৌকা আটক করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি সাগরে অভিযান চালিয়ে নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয় তাদের আটক করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, নৌবাহিনীর জাহাজ বানৌজা দুর্জয় সেন্ট মার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে টহলরত অবস্থায় এফভি কুলসুম নামের মাছ ধরার নৌকাটির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌকাটিকে আটক করে। নৌবাহিনীর সদস্যরা এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করেন।
যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটকৃত ব্যক্তিদের সবাই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায়।
নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে তারা সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটকৃত মাছ ধরার নৌকা ও মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, নৌকাটি সোমবার দিবাগত রাতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। নৌকাটি ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত বলে নৌবাহিনীর সদস্যরা জানিয়েছেন। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




