ছবি নিজস্ব
বছরের বারো মাস শরীর খাটিয়ে ক্লান্তিহীনভাবে দিনমজুরের কাজ করেন ফেরুজ মিয়া। বিরামহীন কাজের পেছনে ছুটে চলা তার ঘামে ভেজা পরনের কাপড় কখনো শুকায় না। দেহে বয়সের ছাপ পড়লেও কাজের কোনো চাপে তাকে দমিয়ে রাখতে পারে না। প্রকৃত দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারের একজন মানুষ তিনি। যখন যে কাজ পান শরীর খাটিয়ে তাই করেন। মাটিকাটা থেকে শুরু করে যত ভারী কাজ- সকল ধকল তার শরীরের ওপর দিয়ে যায়। বর্ষা মৌসুমে যখন কোনো কাজ থাকে না, তখন স্বামী-স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে মাছ ধরার বিভিন্ন ফাঁদ তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। স্বামী-স্ত্রীসহ ১১ সদস্যের পরিবারে তিনিই কর্তা। তাই আরাম-আয়েশ বলতে কিছু নেই তার জীবনে।
তবুও টানাটানির সংসারে অভাব লেগে থাকে। এক ছেলে বাক প্রতিবন্ধী আর দুই ছেলে এখনও ছোট। পাঁচ মেয়ের মধ্যে তিনজনকে ঋণগ্রস্ত হয়ে বিয়ে দিয়েছেন। পরিবারের সকল ব্যায়ভার বহনের দায়িত্ব স্বামী-স্ত্রী দুজনের ওপর। মাঝে-মধ্যে সামাজিক সংগঠন ও বিত্তবানদের সহযোগিতায় বুকে বল এলেও পেটের ক্ষুধা নিবারণের জন্য স্থায়ীভাবে কোনো ব্যবস্থা হয় না। বাবার রেখে যাওয়া ভিটা ছাড়া সহায়-সম্পত্তি বলতে আর কিছু নেই। বাবার মৃত্যুর পর থেকেই সংসারের হাল ধরতে হয় তাকে। সেই যে শক্ত হাতে হাল ধরেছিলেন, তা এখন পর্যন্ত অব্যাহত আছে। সংসারের দায়িত্ব তুলে দেওয়ার মতো এবং নেওয়ার মতো কেউ নেই বলে মহান সৃষ্টিকর্তা সেই ধৈর্যশক্তি দিয়েই তাকে তৈরি করেছেন।
জীবনযুদ্ধে হার না মানা পঞ্চাশোর্ধ ফেরুজ মিয়ার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামে। পারিবারিক খরচের হিসাব মেটাতে হিমশিম খাওয়া এবং মেয়েদের বিয়ে দিয়ে ঋণগ্রস্ত হওয়া ফেরুজ মিয়া এ বছর নিজের সহধর্মিনীকে নিয়ে মাথায় গামছা বেঁধে নেমে পড়েন বোরো চাষের মাঠে। শ্রমিকের মজুরি দিতে অপারগ ফেরুজ মিয়া স্ত্রীকে নিয়েই হাওরে সাড়ে ছয় বিঘা জমিতে বোরো ধান রোপণ করেন। হালিচারার বেড তৈরি, চারা রোপণ ও পরিচর্যার কাজসহ সব কাজ অত্যন্ত যত্ন সহকারে করেন তিনি। আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেন তার স্ত্রী। ফলন ভালো হয়েছে। বৈশাখের আগেই ধান কাটা শুরু করেছেন তিনি।
সরেজমিনে হাওরে তার ক্ষেতে গিয়ে দেখা যায়, মনের আনন্দে শ্রমিকের সাথে ধান কাটছেন ফেরুজ মিয়া। তার চোখে-মুখে বইছে আনন্দের ঝিলিক। সোনালি ধানের সাথে তার মুখেও সোনালি হাসি। সুন্দর আবহাওয়ায় ধান কাটতে পেরে মহাখুশি তিনি।
তার সাথে কথা বলে জানা যায়, সাড়ে ছয় বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন। দুই বিঘা জমির ধান কাটা হয়েছে। এখন পর্যন্ত জমা করছেন, মাড়াই দেওয়া হয়নি। এক সপ্তাহ পর বাকি জমির ধানও পেকে যাবে। এর ফাঁকে তিনি এই দুই বিঘা জমির ধান মাড়াই করে শুকিয়ে গোলায় তোলার সুযোগ পেয়েছেন। সাড়ে ছয় বিঘা জমিতে ১৫ থেকে ১৬ কাঠা অর্থাৎ ৭৫ থেকে ৮০ মণ ধান হবে বলে তিনি জানান।
দিনমজুর থেকে কৃষক হওয়া কৃষক ফেরুজ মিয়া বলেন, বাবার জীবদ্দশায় ক্ষেতের কাজে ছিলাম। তার মৃত্যুর পর ক্ষেতের কাজ ছেড়ে দেই। বহুদিন পর এবার আবার শুরু করেছি। ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে। পরিবারের জন্য প্রয়োজনীয় ধান রেখে বাকিটা বিক্রি করে মেয়ের বিয়ে দিতে গিয়ে ঋণ নেওয়া টাকা পরিশোধ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, কৃষিতে আবার কৃষকরা আগ্রহী হচ্ছেন। কৃষিকাজ ছেড়ে দেওয়া মানুষগুলো কৃষিতে এগিয়ে আসছেন। তাদের মধ্যে ফেরুজ মিয়া একজন।
তিনি বলেন, উপজেলা কৃষি অফিস থেকে সময়মতো সার, বীজ, কৃষি প্রণোদনাসহ সকল প্রকার কৃষি পরামর্শ দেওয়া হয়। এবছরও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জমির ধান ৭০ থেকে ৮০ ভাগ পেকে গেলে কৃষকদের ধান কেটে নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। হাওরের কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে হাওরের সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে।
জৈন্তা বার্তা/আরআর




