বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ টাকার সমপরিমাণ।
এছাড়াও গতকাল বুধবার (১৬ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আরও ১২টি মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ টাকার সমপরিমাণ।
অপর এক অভিযানে বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক আভিযানিক টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০০ বোতল মদ এবং ১ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকার সমপরিমাণ।
এ বিষয়ে ১৯ বিজিবির অধিনায়ক বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




