ছাত্রসংসদ চালু : গতিহীন শাবিসহ ৫০ বিশ্ববিদ্যালয়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ছাত্রসংসদ চালু : গতিহীন শাবিসহ ৫০ বিশ্ববিদ্যালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ০১:৪৫:৪৫ পূর্বাহ্ন

ছাত্রসংসদ চালু : গতিহীন শাবিসহ ৫০ বিশ্ববিদ্যালয়


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করা। কিন্তু আট মাস পার হলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো গতিহীন। এখন পর্যন্ত শুধু জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আর গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে। কিন্তু এতে সুনির্দিষ্ট তারিখ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সরকার পতনের পর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই পদত্যাগ করেছেন। দু-এক মাসের মধ্যে দায়িত্ব নিয়েছেন নতুন উপাচার্যরা। বেশির ভাগ উপাচার্যই দায়িত্ব গ্রহণের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত ছাত্রসংসদ নির্বাচনের। কিন্তু আট মাস পার হলেও তাঁদের প্রতিশ্রুতি পূরণে খুব একটা কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না।

দেশে শিক্ষা কার্যক্রম চলমান থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আর ইসলামী বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদ নির্বাচনের কথা উল্লেখ নেই। ফলে তারা এটা নিয়ে কাজ করছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও একই অবস্থা। কিন্তু ছাত্রসংসদ নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন বা বিধিতে সংশোধন আনতে কাজ করছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আগামী তিন কার্যদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জকসু) নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আলটিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনের বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বা বিধিতে নেই। তবে তা আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। যদি সিন্ডিকেট হয়ে চ্যান্সেলরের মাধ্যমে এই সংশোধন হয়ে যায় তাহলে আমরা দ্রুতই ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিতে পারব। আর যদি সংসদে যেতে হয় তাহলে হয়তো সময় লাগবে।’

জানা যায়, ২০১৯ সালের পর বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। অনেক বড় বিশ্ববিদ্যালয়েও ২০ থেকে ৩০ বছর ধরে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ২০১৯ সালে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সালে, বুয়েটে ২০০১ সালে ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ সালে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারে এই মুহূর্তে চিন্তা করছি না। আমাদের অনেক ঝামেলা ছিল, সেগুলো ঠিক করতে হয়েছে। আমরা ক্লাস-পরীক্ষাগুলো যথাসময়ে করতে চেয়েছি, সেটা পেরেছি। আর ছাত্রসংসদ নির্বাচন নিয়ে ছাত্রদের মধ্যেও আগ্রহ নেই। এখন যদি ছাত্ররা চায় তাহলে আমরা অবশ্যই উদ্যোগ নিব।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত মঙ্গলবার টাইমলাইন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনের জন্য আগামী মে মাসের প্রথম অংশে নির্বাচন কমিশন গঠন করা হবে ও ভোটার তালিকা মে মাসের মাঝামাঝি সময়ে প্রণয়ন করা হবে। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন আগামী ২১ মের মধ্যে হতে পারে বলে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এ উদ্দেশে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে গঠিত নির্বাচন কমিশন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে হতে পারে বলে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ১৫ মে থেকে শুরু হয়ে দাখিলের শেষ সময় ১৯ মে পর্যন্ত। ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। এরপর ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে।

জানা যায়, বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারে তেমন অগ্রগতি নেই। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের জন্য কমিটি গঠন করেছে। আবার কেউ কেউ কাঠামো ঠিক করতে কমিটি করেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় নানা পর্যায়ে আলোচনা করছে। অর্থাৎ তারা নানাভাবে কালক্ষেপণ করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী