ছবি: নিজস্ব
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ’।সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবি শাখার উদ্যোগে কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের কিলোরোড থেকে শুরু করে সেন্ট্রাল মসজিদ, আইআইসিটি ভবন প্রাঙ্গণ, গোলচত্বর, মুক্তমঞ্চ, ফুডকোর্ট এলাকা, শহীদ মিনার, ছাত্র ও ছাত্রী হলের সড়ক, শাহপরাণ হল মসজিদ প্রাঙ্গণ ও হলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুকসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে তারেক মনোয়ার বলেন, “পরিচ্ছন্ন ক্যাম্পাস মানে সচেতন শিক্ষার্থী। আমাদের এই উদ্যোগ শুধু ময়লা পরিষ্কার নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার এক প্রয়াস।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। তাই একে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।”
শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন বলেন, “আগামীকাল বিশ্ববিদ্যালয়ের বাকি অংশেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আমরা চাই ক্যাম্পাসকে এমন এক পরিবেশে রূপ দিতে, যেখানে শিক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা সংস্কৃতিও বিকশিত হবে।
পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীভাবে অংশ নেন। কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ ময়লা সংগ্রহ করছেন, কেউ আবার বৃক্ষরোপণের জন্য জায়গা পরিষ্কার করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও একধরনের ঐক্যবোধ তৈরি হয় বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “আমরা সবাই মিলে যখন কাজ করি, তখন ক্যাম্পাসের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। পরিচ্ছন্ন পরিবেশে ক্লাস করতে মনও ভালো থাকে।
সংগঠনের নেতারা জানান, এটি একদিনের কর্মসূচি নয়। ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা ও সবুজায়নের ধারাবাহিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের মাধ্যমে “সবুজ শাবিপ্রবি” গড়াই তাদের লক্ষ্
আগামীকাল দ্বিতীয় দিনের অভিযানে ক্যাম্পাসের বাকি অংশ একাডেমিক ভবন, প্রশাসনিক এলাকা, শিক্ষক আবাসিক এলাকা ও পার্শ্ববর্তী সড়ক পরিষ্কার করা হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিতভাবে শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে। এর মধ্যে রক্তদান, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষার্থীদের কল্যাণমূলক নানা উদ্যোগ উল্লেখযোগ্য। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, এই কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




