সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১২ PM

সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৪:৪৫:২৯ PM

সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধা সৃষ্টি হোক-সরকারের পক্ষ থেকে এমন কোনো মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার চিন্তা সরকার সমর্থন করে না। কোনো কোনো ক্ষেত্রে কনসার্ট বা অনুষ্ঠান বন্ধ হওয়ার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

কোথাও কোথাও কনসার্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো কনসার্ট বাতিল হলেই ধরে নেওয়া ঠিক নয় যে সরকার সহযোগিতা করেনি। হয়তো সেখানে নিরাপত্তার বিষয় ছিল। দেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে, বড় বড় কনসার্টও আয়োজন করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে সাংস্কৃতিক কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়। এ ধরনের চিন্তা আমরা শেয়ার করি না।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বাধা বা প্রতিবন্ধকতার ঘটনা নাটকীয়ভাবে কমেছে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময়ে তার তুলনায় সিগনিফিক্যান্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে।’

তবে দু-একটি ঘটনা যে এখনও ঘটছে, তা অস্বীকার করেননি জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব ঘটনা একেবারে ঘটছে না- এমন দাবি করা যাবে না।

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ