জৈন্তাপুরে দুই সড়ক মেরামত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

জৈন্তাপুরে দুই সড়ক মেরামত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০২:৪৫:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে দুই সড়ক মেরামত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় দুটি সড়ক মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুরের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্প দুটির মধ্যে রয়েছে—আরএইচডি (সিলেট-তামাবিল) থেকে শুকাইনপুর চেইনেজ ০.০০০ থেকে ৭০০ মিটার পর্যন্ত সড়ক মেরামত এবং আরএইচডি (সিলেট-তামাবিল) থেকে পার্কের সেনগ্রাম চেইনেজ ০.০০০ থেকে ১ হাজার ৯০৩ মিটার পর্যন্ত সড়ক মেরামত।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়াও দরবস্ত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদলসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প দুটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দরবস্ত ইউনিয়ন পুরো জৈন্তাপুর উপজেলার অন্যতম কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় সড়ক দুটি মেরামত ও উন্নয়ন করা হলে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। এর ফলে ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ও বাজারজাত করতে পারবেন। পাশাপাশি কৃষক ও কৃষিপণ্যের নির্বিঘ্ন যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/আরআর