নিহত আবুল হোসেন।
সিলেটের দক্ষিণ সুরমায় অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের এক পক্ষের হামলার ঘটনায় আহত আবুল হোসেন (২৫) নামক এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ ওসমানীর মর্গে রাখা হয়েছে।
সিলেট নগরীর মোমিনখলা এলাকার আউয়াল মিয়ার ছেলে আবুল হোসেন।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর একটি পক্ষের আবুল হোসেনসহ মোট ৬ জন আহত হয়েছিলেন।
আহত অপর ৫ জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর। সেদিন আগের একটি ঘটনা সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।
দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির আহমদ পিন্টুর অনুসারী বলেও জানা যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছিল।
আহত আবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েস।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে।দুই পক্ষের মধ্যে পূর্বের একটি ঘটনাকে সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকায় একটি দোকানে নিয়ে যাওয়া হয়। এর এক পর্যায়ে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হলে ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হয়।
জৈন্তাবার্তা/জেএ




