১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার হলে ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। নজর থাকবে শিক্ষকদের দিকেও।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৯ হাজার ৪১২ জন পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এবার ৯৯০ জন কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৪০২ জন। এবার ১৫২টি কেন্দ্রে ৯৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। তবে চলতি বছর পরীক্ষার ৩টি কেন্দ্র বাড়ানো হয়েছে এবারের পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪৫ হাজার ৬৬ জন এবং মেয়ে ৬৪ হাজার ৩৪৬ জন। গত বছর ছেলে শিক্ষার্থী ৪৫ হাজার ৫৯৮ জন এবং মেয়ে শিক্ষার্থী ছিল ৬৪ হাজার ৮০৪ জন।
এবার ৯৯০ জন কম শিক্ষার্থীর মধ্যে ছেলে ৫৩২ জন ও মেয়ে ৪৫৮ জন কম। এবারের পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৪ হাজার ২১১ জন এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫১১ জন ও ছাত্রী ১৩ হাজার ৭০০ জন। মানবিকে ৭৭ হাজার ৮১৩ জন এর মধ্যে ছাত্র ৩০ হাজার ৮৩৯ জন ও ছাত্রী ৪৬ হাজার ৯৭৪ জন। আর বাণিজ্য শাখায় ৭ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৬ জন ও ছাত্রী ৩ হাজার ৬৭২ জন।
সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মোট ১ লাখ ৯ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২১৫ জন, অনিয়মিত ২১ হাজার ১৬০ ও মানোন্নয়ন ৩৭ জন রয়েছে। নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৪২ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬৯৪। মানোন্নয়ন ৩৭ জনের মধ্যে ২৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল সাংবাদিকদের জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাবার্তা/এমকে




