শ্রমিকদের অবরোধের চিত্র - জৈন্তা বার্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী সিলেটের চার শ্রমিক নেতাকে আটক করার ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় অবরোধের এ ঘটনা ঘটে।
অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এত চরম দুভোর্গে পড়েছেন যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
শ্রমিক নেতাদের ভাষ্যমতে, সিলেটের গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমায় পৃথকভাবে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উপ কমিটির চার নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী ধরে নিয়ে গেছে। কি কারণে কোথায় ধরে নিয়ে গেছে তা কেউই বলতে পারছেন না।
এব্যাপারে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহ সভাপতি জুমেল আহমদ বলেন, মঙ্গলবার দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিসে বিকালে আমরা বসেছিলাম। এরমধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই গাড়ি ফোর্স এসে শ্রমিক ইউনিয়নের কাগজপত্র দেখতে চাইলে প্রধান কার্যালয় থেকে এনে দেওয়ার সময় চাওয়া হয়। কিন্তু সময় না দিয়ে আমাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও ১ নং সদস্যকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কি কারণে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমরা কেউই বলতে পারছি না। আমাদেরকে কিছু বলা হয়নি। এই চারজনকে না ছাড়া পর্যন্ত আমরা অবরোধ তুলবো না। জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তুলেছে শ্রমিকরা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
জৈন্তাবার্তা/জেএ




