মধ্যস্থানে নিহত ছাত্রলীগ নেতা আবুল হাসান।
ছাত্রলীগ নেতা আবুল হাসানের হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও এখনও এজাহারভুক্ত প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবারের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দাবি পুলিশ তৎপর হলে আসামিরা গ্রেফতার হয়ে যেতো।
নিহত আবুল হাসান (২৪) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের আউয়াল মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় বসবাস করতেন। হাসান সিলেট সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ও ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। দুই ভাই তিন বোনের মধ্যে আবুল হাসান ছিল সবার ছোট। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসারের খরচ জোগান দিতো। তার মৃত্যুতে এখন বেকায়দায় পড়েছে তার পরিবার।
এদিকে, সিলেটে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যার ন্যায়বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহত আবুল হাসানের সদস্যরা।
জানুয়ারি মাসের ২৫ তারিখ তুচ্ছ ঘটনার জেরে সিলেটের দক্ষিণ সুরমায় আবুল হাসানসহ কয়েকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একই উপজেলার কায়েস্থরাইল গ্রামের জিহাদুর রহমান মিঠুর ছেলে ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দারদা জিহাদ তামি ও তার ভাই আবু দাউদ জিহাদ জামী এবং তাদের সহযোগীরা। হামলায় আবুল হাসানসহ জাবের, সায়েক, সানি মারাত্মক জখম হয়। এরপর তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২ ফেব্রুয়ারি মারা যান।
পরদিন ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের বড় ভাই আবু সাঈদ। মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন দক্ষিণ সুরমার কায়েস্তারাইল এলাকার জিহাদুর রহমান মিঠুর ছেলে আবু দারাদা জিহাদ তামি (২৫), তার ভাই আবু দাউদ জিহাদ জামি (২২), দক্ষিণ সুরমার মুছারগাঁও এলাকার মরম আলীর ছেলে জামিল (২২), কায়েস্তারাইল এলাকার শফিক মিয়ার ছেলে ফাহিম (২২), একই এলাকার আশিকুর রহমান টিটুর ছেলে মাহাদী (২৪), মুছারগাঁও এলাকার জাকির হোসেনের ছেলে সিয়াম (২১), বারখলা এলাকার লিয়াকত আলীর ছেলে টিপুল (৩২), নেত্রকোনার কেন্দুয়া থানার দুল্লি এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আবুল কালাম রিপন (১৯) ও মুছারগাঁও এলাকার ফাহিম (২২)। এর মধ্যে আবুল কালাম রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে রিপন জামিনে রয়েছেন। তবে বাকি আসামিরা এখনও গ্রেফতার হননি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি রাতে মোমিনখলার একটি মাদ্রাসায় ওয়াজ-মাহফিলে যান আবুল হাসান। সেখানে জুনিয়র-সিনিয়র নিয়ে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দারাদা জিহাদ তামি ও তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ জিহাদ জামির সঙ্গে হাসানের কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক বিষয়টি মীমাংসাও করা হয়। সেই বিরোধের জেরে ২৫ জানুয়ারি রাত ১০টার দিকে বাইপাস এলাকায় হাসানের অনুসারী সানিকে (১৮) মারধর করেন তামি ও জামি। এই মারধরের কারণ জানতে চান হাসান। তখন ঘটনাটি মীমাংসা করে দেওয়ার জন্য ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টায় হাসানকে মোমিনখলার শাহজালাল এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নেওয়া হয়। সেখানে গেলেই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান তামি ও জামিসহ তাদের অনুসারীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসানকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ২ ফেব্রুয়ারি বিকালে তার মৃত্যু হয়।
পুলিশের সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা যায়, আবুল হাসানের শরীরের অধিকাংশ স্থানে ছিলো ধারালো অস্ত্রের আঘাত। মাথার ডান পাশের তিন ইঞ্চি ও পেছনের চার ইঞ্চিজুড়ে আঘাতের চিহ্ন ছিল। মাথার বাঁ পাশে ভারী অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ডান ও বাঁ পাশের চোখে মারাত্মক জখম। গুরুতর আঘাতের কারণে বাঁ চোখ গলে বের হয়ে যায় এবং নাকে জমাট বাঁধা রক্ত ছিল। বাঁ উরুর তিন ইঞ্চিজুড়ে ছিল কাটা।
তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার পরিদর্শক আবুল হোসেন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, আবুল হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছি আমরা। আসামিরা পলাতক। তাদের ধরতে পুলিশের একাধিক টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
জৈন্তাবার্তা/জেএ




