সিলেট মাউন্ট এডোরায় ভুল চিকিৎসায় শাবিপ্রবি কর্মকর্তার মৃত্যুর অভিযোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সিলেট মাউন্ট এডোরায় ভুল চিকিৎসায় শাবিপ্রবি কর্মকর্তার মৃত্যুর অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০১:০৯:৪৭ পূর্বাহ্ন

সিলেট মাউন্ট এডোরায় ভুল চিকিৎসায় শাবিপ্রবি কর্মকর্তার মৃত্যুর অভিযোগ

শাবির রেজিস্ট্রার দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা সাহেল আহমদ।


সিলেট নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ওই কর্মকর্তার নাম সাহেল আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেদের মৃত্যু হয় বলে জানান শাবিপ্রবির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম। সাহেদ আহমদের সহকর্মীদের অভিযোগ, মাউন্ট এডোরা হাসপাতাল কর্তৃপক্ষ সাহেদের চিকিৎসায় কালক্ষেপণ করেছে। এজন্য তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে শাবিপ্রবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, গত ডিসেম্বরে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা নিতে যান সাহেদ আহমদ। সেখানে একই দিনে দুইজন চিকিৎসক তার নাকের সাইনাস ও সিস্টের অপারেশন করেন। অপারেশনের পরেরদিন পেটে তীব্র ব্যথা অনুভব করেন সাহেদ।

পরে আলট্রাসনো ও স্লিপেস টেস্টের মাধ্যমে জানা যায়, একই সময় সাইনাস ও সিস্টের অপারেশনের ফলে সাহেদের একটি চোখ নষ্ট ও প্যানক্রিয়াস লিক হয়ে যায়। এতে অগ্নাশয়ের জটিল সমস্যায় পড়েন সাহেদ।

অশোক বর্মন অসীম অভিযোগ করে বলেন, মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে। মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার কারণে আমাদের সহকর্মীর যে সমস্যা হয়েছিল তা নিরাময়ের জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার চিকিৎসা সহায়তা চেয়েছিলাম, তাদের কাছে কোন ক্ষতিপূরণ চাইনি। কিন্তু মাউন্ট এডোরা কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেছে, আমাদের সাথে সম্পূর্ণ ব্যবসায়িক আচরণ করেছে। তাতেই আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে।

অশোক বর্মন অসীম আরও বলেন, এখন ওই হাসপাতালের এক চিকিৎসক বলছেন রোগীর পরামর্শে তিনি অপারেশন করেছিলেন। রোগীর শারীরিক অবস্থা যাচাই-বাছাই না করে তার পরামর্শে একজন ডাক্তার কিভাবে অপারেশন করেন?

এদিকে, সাহেদ আহমদের মৃত্যুতে নিন্দা ও শোক জানিয়েছে শাবিপ্রবি কর্মকর্তা সমিতি। মঙ্গলবার রাতে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তা ও বিবৃতিতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

একই বিবৃতিতে মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা, উদাসীনতা ও গাফিলতির কারণে সাহেদের মৃত্যু হয়েছে উল্লেখ করে ক্ষোভ ও নিন্দা জানানো হয়।

এ ঘটনায় সহকর্মীর মৃত্যুতে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

মশাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে। মাউন্ট এডোরা কর্তৃপক্ষেও কারণে আমাদের সহকর্মীর যে সমস্যা হয়েছে তাতে তার চিকিৎসা সহায়তা চেয়েছি, তাদের কাছে কোনো ক্ষতিপূরণ চাইনি। তবে তারা আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেছেন। তারা আমাদের সঙ্গে ব্যবসায়িক আচরণ করেছে। তাতেই আমাদের সহকর্মীর মৃত্যু হয়েছে। আমরা মাউন্ট এডোরা কর্তৃপক্ষের বিচার এবং এই মৃত্যুর কারণ উদ্‌ঘাটন করে সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যাতে এরকম ক্ষতির মধ্যে কেউ না পড়ে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: