জৈন্তাপুর উপজেলায় চলতি মৌসুমে শিমের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর এর দেয়া তথ্য অনুযায়ী গত জুলাই মাস হতে শিম ও বরবটির যৌথ চাষাবাদ করেন উপজেলার কৃষককেরা।
গত নভেম্বর মাসে বরবটি বাজারজাত শেষে ডিসেম্বরের শেষ নাগাত শিমের বাজারজাত শুরু হয়। বর্তমানে ফেব্রুয়ারী মাসে শিমের বীচি সংগ্রহ ও প্রক্রিয়াজাত প্যাকেজিং চলছে পুরো উপজেলা জুড়ে।
বর্তমানে শিমের বীচির রপ্তানি সম্ভাবনা দেখা দেয়া এবং দেশের বাজারে ব্যপক চাহিদার ভিত্তিতে উপজেলা জুড়ে চলছে বীচি সংগ্রহ। এই বীচি সংগ্রহ কাজের পুরো সময় দিচ্ছে উপজেলার বিভিন্ন গ্রামের নারীরা।
সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন চুক্তিতে কাজ করছে উপজেলার নিজপাট ও চারিকাঠা ইউনিয়নের প্রায় ৬০০ নারী।
তাদেরই একজন রুপচেং গ্রামের রিনা বেগম জানান, তিনি প্রতিদিন আব্দুন নূুর মেম্বারের কৃষি জমি থেকে শিম সংগ্রহ করে উঠানে বসে বীচি আলাদা করেন। তার সাথে আরো চারজন নারী এই কাজ করে থাকেন। দিন শেষে তারা জনপ্রতি ২৫০ টাকা করে দৈনিক মজুরী পান।
একই গ্রামের কৃষক বধু হাওয়ারুন বেগম জানান তিনি ও তার পুত্রবধুরা মিলে প্রতিদিন নিজ ফসলি ক্ষেতে শিম সংগ্রহ ও বীজ আলাদা করে থাকেন। প্রতিদিন বীজ সংগ্রহ করে বস্তা ভর্তি করে ব্যাপারীদের নিকট তারা সরবরাহ করেন। এ থেকে দৈনিক ১০ থেকে ১২ হাজার টাকার শিমের বীচি বিক্রি করছেন তারা।
রুপচেং এলাকার শিম চাষি আব্দুন নূর জানান চলতি বছর তিনি ২ বিঘা জমিতে শিমের আবাদ করেছেন। এতে করে তার ১৫ হাজার টাকা উৎপাদন খরচ হয়। তিনি আশা করছেন মৌসুমের শেষে দেড় লাখ টাকার শিম ও শিমের বীজি বিক্রি করতে পারবেন।
একই গ্রামের শিম চাষি রিমাল আহমেদ জানান, তিনি চলতি মৌসুমে তিন লাখ টাকার শিম ও শিমের বীচি বিক্রি করতে আশাবাদী। প্রতিদিন শিমের বীচি সংগ্রহ করার জন্য পাঁচজন নারী তার অধিনে কাজ করে থাকে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার জৈন্তাবার্তা প্রতিবেদককে জানান, চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ৪ শত ৩০ হেক্টর জমিতে বরবটি ও শিমের যৌথ চাষ করা হয়। শুধু মাত্র শিম বিক্রি লক্ষমাত্রা ছিলো ১৩ কোটি টাকা যা অর্জিত হতে সক্ষম হয়েছে। বর্তমানে শিমের মৌসুমের শেষ পর্যায়ে। এখন শিমের বীচি সংগ্রহ চলছে। আর এই বীচি সংগ্রহ কাজে নারীদের কর্মসংস্থান তৈরী সহ কৃষকেরা লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে।
তিনি আরো জানান জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করছে।
জৈন্তাবার্তা/এমকে




