ভালোবাসা দিবস আর বসন্তের রঙ মিলেমিশে এক হচ্ছে আজ - মোবারক হোসেন পাপ্পু।
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন এক নতুন অনুভূতির দিন, ভালোবাসার ডানায় ভর করে ভেসে যাওয়ার দিন।
এই দিনে প্রিয়জনের সঙ্গে ভালোবাসার জোয়ারে ভেসে যায় মানুষ। এ বছর তার সঙ্গে আবার বাড়তি পাওনা হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা।
বসন্তের প্রথম দিনও আজ। মানে, একসঙ্গে তিন উপলক্ষে মেতে ওঠার সুযোগ পেয়েছিল বাংলার মানুষ। সেই সুযোগ হাতছাড়া করেনি তারা।
বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠেছে তিলোত্তমা সিলেট। নগরীর প্রায় প্রতিটি যায়গায় দেখা গেছে যুগলদের আনাগোনা।
সিলেটের পার্ক, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিলো তরুণ-তরুণীদের ভিড়। সবুজে মোড়া এক চিলতে জায়গাটিতে দারুণ জমে ওঠে প্রেম। সঙ্গে ঝিলপাড়ের ফুরফুরে হাওয়া মনটাকে ঝেড়েমুছে তকতকে করে দেয় যুগলদের।
স্থায়ী ও অস্থায়ী তৈরি হওয়া গোলাপের দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল বেশ। এই দিনে গোলাপ ব্যবসায়ীদের লাভ হয়েছে বলাই বাহুল্য।
ভিড় ছিল খাবারের হোটেলগুলোতেও। তবে বাঙালি খাবারের চেয়ে চাহিদা বেশি দেখা গেছে চাইনিজ ও মোগলাই খাবারের।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসা এক যুগল বলেন, আজ সরস্বতী পূজার সঙ্গে একটি বিশেষ দিন। সেই দিনটি দারুণ কাটালাম। আমরা বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি। এখানে প্রচুর ভিড়। এখান থেকে বেরিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাওয়া-দাওয়া করবো।
ভালোবাসা দিবস উদযাপনের নামে কারও কারও অশালীন আচরণ পছন্দ করছেন না অনেকে। তাদের দাবি, ভ্যালেন্টাইনস ডে মানেই অশ্লীলতা। সিলেটের অনেকের কথায়, এই দিনটি হলো অশ্লীলতা করার দিন। সরকারের উচিত এই দিনে অশ্লীলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। তাহলে এই অশ্লীলতা কিছুটা কমবে।
জৈন্তাবার্তা/জেএ




