ছবি: জৈন্তাবার্তা
জৈন্তাপুর উপজেলায় চলতি ২০২৩-২৪ মৌসুমে ৫০ বছরেরও বেশী সময় অযত্নে অবহেলায় পড়ে থাকা পতিত জমিতে তরমুজের চাষ করে যুগান্তকারী সফলতা পেয়েছেন উপজেলার তরমুজ চাষীরা।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ১শত ২৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ করেছেন কৃষকেরা। আবাদ করা জাতের মধ্যে গ্লোরী, বাংলালিংক ও আনারকলি জাতের তরমুজ চাষ করা হয়।
আগাম ফলন হিসেবে মৌসুমের কার্তিক মাসে বীজ রোপন করা হয়। ১ শত ২৫ হেক্টর জমির মধ্যে এই মৌসুমে প্রথমবারের মত ৬০ হেক্টর অনাবাদী জমিতে তরমুজের চাষ করা হয়। এই সমস্ত অনাবাদী জমি যুগ যুগ ধরে বিন্নাউরা জঙ্গল লতাপাতায় ভরপুর থাকতো। এ ছাড়াও উপজেলার পাহাড়ী নদীখ্যাত সারী,বড়গাঙ সহ ছোটবড় নদীর তীরবর্তী অঞ্চলে শীতমৌসুমে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন উপজেলার কৃষকেরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, সারী নদীর তীরবর্তী ডৌডিক এলাকার ইন্দারজুমে কয়েকশ বিঘা জমিতে তরমুজের চাষ করা হয়েছে। এছাড়াও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের৷ সারীর পাড়ে বিরাখাই, বাওনহাওড়,নলজুরী হাওড়,লক্ষিপুর হাওড়, বিরাইমারা হাওড়ের যেদিকে দুচোখ যায় শুধু তরমুজের সবুজ সমারোহ। গত পৌষ মাসের শেষ থেকে ফসল বিক্রি শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে চলতি মৌসুমে ৭ শত ৩০ জন কৃষক তরমুজ চাষ করেছেন। তাদের মধ্যে প্রদর্শনী প্রাপ্ত কৃষক ৯০ জন। এসব তরমুজ হেক্টর প্রতি ২৯ মেট্রিকটন করে ফলন পাওয়া যাচ্ছে। সেই হিসাব মতে চলতি মৌসুমে পুরো উপজেলায় ৩ হাজার ৬ শত ২৫ মেট্রিকটন তরমুজের ফলন হয়েছে জৈন্তাপুর উপজেলায়।
কৃষক পর্যায়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতি পিছ তরমুজ দেড়শ থেকে দুইশ টাকা করে পাইকারী আড়ৎদারেরা ক্ষেতে এসে কিনে নিচ্ছেন। কৃষি অফিসের তথ্যমতে আগামী চৈত্র মাস পর্যন্ত তরমুজের বিক্রি চলবে। এ মৌসুমে শুধুমাত্র জৈন্তাপুর উপজেলায় ১৮ কোটি ১২ লক্ষ টাকার তরমুজ বিক্রি লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে যা চলতি মাসে অর্জিত হওয়ার আশাবাদী।
উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা হাওড়ের তরমুজচাষী মোহাম্মদ আজিরউদ্দিন জানান এ মৌসুমে তিনি ২২ বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন। বছরে ৪২ হাজার টাকায় জমির ভাড়া নিয়ে এখন পর্যন্ত তার উৎপাদন ব্যায় সাড়ে চার লক্ষ টাকার মত। ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি পর্যন্ত সাড়ে পাঁচ হাজার তরমুজ বিক্রি করে সাড়ে সাত লক্ষ টাকা তিনি পেয়েছেন। তিনি আরো জানান মৌসুমের শেষ অবধি আরো সাত হাজার পিছ তরমুজ তিনি বিক্রি করার আশাবাদী। এতে করে মোট ১৭ লক্ষ টাকার তরমুজ তার বিক্রি হতে পারে বলে তিনি জানান।
উপজেলার নিজপাট ইউনিয়নের ইন্দারজুম ডৌডিক এলাকায় কৃষক আব্দুর রশিদ জানান এ মৌসুমে তিনি ২০ বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন। মাঘ মাসে দুইদিন বৃষ্টি ও ছোট পরিসরে শিলার কারণে কিছু ফসল তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া মাঝামাঝি সময়ে ঢলে পড়া রোগে প্রায় শখানের চারা আক্রান্ত হয়। তবে আগাম ফসল হিসেবে ফাল্গুনের শুরুতেই তার জমির সব ফসল তিনি উচ্চ মূল্য বিক্রি করেছেন। এ মৌসুমে তিনি চার লক্ষ টাকা ব্যায় করে পনেরো লক্ষ টাকায় তরমুজ বিক্রি করেছেন বলে জানান।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজম্যান্ট প্রকল্পের আওতায় উচ্চমূল্য ফসল উৎপাদন হিসেবে কৃষক পর্যায়ে তরমুজের প্রদর্শনী দেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ মৌসুমে বরাবরের মত কৃষক পর্যায়ে সার বীজ কিটনাশক সহ মাঠ পর্যায়ে জরুরী পরামর্শ প্রদান করা হয়েছে। তিনি জানান, উপজেলায় এ মৌসুমে ৬০ হেক্টর পতিত জমিতে তরমুজ আবাদ করে জমি গুলোকে কৃষির আওতায় আনা হয়েছে। এ রকম অবশিষ্ট পতিত জমিগুলোকে আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জৈন্তাবার্তা/এমকে




