৬০ বছরের বেশি পুরোনো এমসি কলেজ পোস্ট অফিস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

৬০ বছরের বেশি পুরোনো এমসি কলেজ পোস্ট অফিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ০৮:৪৬:১৯ পূর্বাহ্ন

৬০ বছরের বেশি পুরোনো এমসি কলেজ পোস্ট অফিস

৬০ বছরের বেশি পুরোনো এমসি কলেজ পোস্ট অফিস।


আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, যখন মোবাইল ফোন বলতে কিছুই ছিল না। ছিল না কোন ইন্টারনেট সংযোগ। যোগাযোগ ব্যবস্থাও এমন ভালো ছিল না। তখন মানুষ কেমন করে যোগাযোগ করতো? বাড়িতে মা-বাবা কিংবা দূরের বন্ধুবান্ধবকে কীভাবে স্মরণ করতো? এমন প্রশ্নের উত্তরে নিশ্চিত জবাব আসবে, চিঠির মাধ্যমে।

শোনা যায় একসময় চিঠি লিখে কবুতরের পায়ে বেঁধে পাঠানো হতো প্রাপকের ঠিকানায়। এ কথা সত্য নাকি মিথ্যা নাকি রূপকথা তা জানা নেই তবে চিঠি আদানপ্রদান হতো এ কথা চিরন্তন সত্য। কারণ তখন যোগাযোগের এই একটাই যে মাধ্যম ছিলো।

মোবাইল ফোন বিহীন তখনকার সময়ে সিলেটের শতবছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ‘এমসি কলেজ পোস্ট অফিস’। শুধুমাত্র শিক্ষক-শিক্ষার্থী নয়, একসময় পুরো এলাকার চিঠি আদানপ্রদান হতো ষাট বছরেরও বেশি পুরাতন এই ডাক অফিসটির মাধ্যমে।

একটা সময় এখানে প্রচুর চিঠি আসতো। আবার এখান থেকে প্রচুর চিঠি শহর ছাড়িয়ে দেশের গণ্ডি পারি দিয়ে বিদেশেও যেতো বলে শোনা যায়। হলুদ খামে করে রঙিন চিঠি আসতো, যেতো। তেমনই পোস্ট অফিসটিতে ভিড় লেগেই থাকতো। চিঠির জন্য সে কি মধুর অপেক্ষায় থাকতো ছাত্রছাত্রীরা! কত আবেগ, ভালোবাসা আর মায়া ছড়িয়ে দিতো এই একটুকরো কাগজে লেখা কিংবা অনেক পৃষ্ঠাজুড়ে লেখা চিঠি। কত বালিশ ভেজা কান্নার নোনতা জল লেগে থাকতো সাদা কাগজের গায়ে। কত নির্ঘুম রাতের স্বাক্ষী হতো এই চিঠি। রাগ-অনুরাগ, আবেগ-অনুভূতি কিংবা অভিমান অথবা প্রেম, ভালোবাসা তার সবটুকু প্রকাশ পেতো চিঠির মাধ্যমেই।

শোনা যায়, চিঠির খোঁজ নিতে ছাত্রছাত্রীরা ভিড় জমাতো ছাইয়ের মধ্যে লাল রঙের ছোট্টো ঘরটিতে। তবে সেই দিন গুলি আজ আর নেই। মোবাইল এসেছে। ইন্টারনেট এসেছে। যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হয়েছে। রাতের পর রাত কিংবা দিনের পর দিন অথবা সপ্তাহব্যাপী অপেক্ষা করতে হচ্ছে না চিঠির জন্য কিন্তু এমসি কলেজের পোস্ট অফিসটি দীর্ঘদিন পর রঙিন সাজে সাজলো। বলা যায় সাদাকালো সময় পাড়ি দিয়ে অতঃপর সংস্কারের মাধ্যমে পেলো রঙিন কাপড়। যা দেখতেও ভালো লাগা কাজ করবে যে কারো। শিক্ষার্থীদের আসা যাওয়ার পথে নিয়মিত চোখে পড়ছে পোস্ট অফিসটি। নতুন করে সংস্কারের মাধ্যমে সিলেট ডাক অফিস শিক্ষার্থীদের কাছে চিঠির গুরুত্ব তুলে ধরেছে যেমন তেমনই তুলে ধরেছে ইতিহাস। যা ষাট বছরেরও বেশি সময় আগেকার। এখনো এখানে অনেক শিক্ষক-শিক্ষার্থীদের চিঠি আসে। বিশেষ করে সরকারি কাজের বিভিন্ন চিঠি। যে চিঠিতে মিশে থাকে আবেগ আর ভালোবাসা।

এমসি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সেতু বেগম বলেন, ‘কলেজের দ্বিতীয় প্রবেশদ্বারে পুরাতন জরাজীর্ণ শ্যাওলাচ্ছন্ন দেয়ালের ঘরটি দেখে মাঝেমধ্যে কৌতূহলে ভাবতাম, এটা কীসের ঘর? কার ঘর? হঠাৎ এই ফাগুনে দেখলাম ঘরটি সংস্কার হলো। বসন্তে রঙিন ছোঁয়া। বুঝতে পারলাম এটি নব্বই দশকের যোগাযোগ মাধ্যম চিঠির ‘ডাকঘর।’

বলা হয় ডাকবক্স তবে আমার মত শিক্ষার্থীদের কাছে এটি ‘জাদুরবক্স’। এটির মাধ্যমেই কাগজে লিখে আবেগ অনুভূতি পাঠানো হতো। তরুণ প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে চাইতেই পারি,- একটা সময় ফের আসুক যখন আমরাও নব্বই দশকের ডাকঘরে কাগজে মুড়িয়ে আবেগ অনুভূতি পাঠাব।’

অত্র কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহাম্মদ বলেন, ‘তখনো কুরিয়ার সার্ভিসের যুগ চালু হয়নি। মুরারিচাঁদ কলেজের ছোট্ট এই পোস্ট অফিসটিতে ছাত্র-শিক্ষক-কর্মচারী ও এলাকার লোকজন নানা প্রয়োজনে আসতেন। কেউ আপনজনদের কাছে চিঠি পাঠাতে, কেউ চাকুরীর আবেদন পাঠাতে এ পোস্ট অফিসটিতে আসতেন। শিক্ষকেরা খাতাও পাঠাতেন এখান থেকে। শুধু এগুলোও নয়, অনেকে সঞ্চয়ী হিসেব খুলে টাকাও জমা রাখতেন এখানে।’

অনেকেরই হয়তো চাওয়া থাকে, আবার ফিরে আসুক মধুর সময়। ঝরাপাতার দিনে হলদে পাতায় লিখুক ভালো লাগার, ভালোবাসার গল্প। সেটি জমা হোক পোস্ট অফিসের ডাকবক্সে। অথবা সাইকেলে ক্রিংক্রিং বেল বাজিয়ে একটা চিঠি দিয়ে যাক ডাকপিয়ন। কিংবা পোস্ট অফিসে আবার ভিড় জমুক। চিঠি জমা পড়ুক অহরহ। যে চিঠি পড়তে পড়তে গাল বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে নিজের অজান্তে। যে চিঠি ঠোঁটের কোণে রঙিন হাসি এনে দিবে। যে চিঠি হবে ভালো লাগার। ভালোবাসার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: