দখল-দূষণে ভালো নেই সিলেটের নদী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দখল-দূষণে ভালো নেই সিলেটের নদী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ১২:৩১:৩৩ অপরাহ্ন

দখল-দূষণে ভালো নেই সিলেটের নদী

বিশ্বনাথের বাসিয়া নদীর চিত্র।


আধ্যাত্মিক নগরী খ্যাত পূর্ণভূমি সিলেট এক সময় অন্যতম যোগাযোগ মাধ্যম ছিল নদী। নদীই ছিল যাত্রী, পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম। অথচ গত ৫০ বছরে বেশিরভাগ নদী হারিয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলোও দখলে, দূষণে সংকটজনক অবস্থায়। দখল -দূষণ ও নানাবিধ অত্যাচারে বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে বেশীরভাগ নদী। 

জানা গেছে, সিলেট বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, খোয়াই, মনু, ধলাই, পিয়াইন, সারি, সুতাং, রত্না, সোনাই, করাঙ্গী, ঝিংড়ি, ভেড়ামোহনা, রক্তি, কালনী, বৌলাইসহ বেশকিছু নদ-নদীর নাব্য হারিয়ে গেছে। নদী ভরাটের কারণে বোরো চাষীরা হাহাকার করেন এই মৌসুমে। অবিশ্বাস্য হলেও সত্য সুরমা ও কুশিয়ারা এখন যৌবনহারা।

সম্প্রতি সিলেট নগরীর পশ্চিম কাজীর বাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, নদী তীর দখল করে পাকা করেছেন মৎস্যজীবিরা। পাকা দেওয়াল এবং নিচের ফ্লোর পাকা করার বিষয়টি স্বীকার করে কাজিরবাজার মত্স্য বাজারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, আড়তের মাছ প্রায় চুরি হয়ে যায়। তাই সুরক্ষার জন্য দেওয়াল তোলা হয়েছে। তিনি বলেন, আমাদের সীমানার মধ্যে দেওয়াল করেছি। তারপরও প্রয়োজন হলে আমরা দেওয়াল ভেঙে নদীর জায়গা ছেড়ে দেব।

সিলেট নগরীর মতো সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট ও সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর তীর দখলদাররা বহাল রয়েছে। কানাইঘাট পৌর শহরের পূর্ব থেকে দক্ষিণ বাজার পর্যন্ত নদীর তীর ও কূল দখল করে শতাধিক স্থাপনা রয়েছে। এসবের মধ্যে ওয়ার্কশপ, কারখানা, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল রয়েছে। আবার কিছু বাসাবাড়িও রয়েছে। সুরমা নদীর তীর দখলদারদের উচ্ছেদ করা হয়নি। শুধু দখল নয় নদীগুলো দূষণ হচ্ছে প্রতিনিয়ত। যার কারণে নদী নাব্যতা হারাচ্ছে এবং পানি দূষিত হচ্ছে।

দূষণের ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবাইকে সচেতন হতে হবে। সচেতন হলেই আমাদের নদী রক্ষা করা সম্ভব।

সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় মাছের বাজার সম্প্রসারণের নামে সুরমা নদীতীর দখল করে প্রাচীর নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দখল ছাড়াও আড়তের আবর্জনায় নষ্ট হচ্ছে নদীর পানি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আমীর হোসাইন খান জানান, মানুষের আঘাতে নদীর পাড়গুলোর স্বাধীনতা সর্বনাশে পরিণত হয়েছে। তবুও আমরা নদীর খনন কাজ শুরু করেছি। সুরমা নদীর বিভিন্ন চর এলাকায় আমাদের খনন কাজ চলছে। বর্ষার আগেই সেই খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে। খনন শেষ হলে নদীর এই দুরবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হব।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিষয়ক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, শিল্প কলকারখানা বর্জ্য, পলিথিন ও উজান থেকে নেমে আসা পলি জমে নদীর তলদেশ ভরাট হচ্ছে। এ ছাড়া অবৈধভাবে নদীর জায়গা দখল করায় পানিপ্রবাহ কমে যাচ্ছে। যার কারণে মারাত্মক ঝুঁকিতে রয়েছে জীবন-জীবিকা, জনস্বাস্থ্য ও পরিবেশ। নদী বাঁচাতে খনন কার্যক্রম ঠিকমতো করার পাশাপাশি নদীর তীর রক্ষা করতে হবে।

এ ব্যাপারে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. সেলিম জাহাঙ্গীর বলেন, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের নির্দেশনায় ২০২৩ সালের প্রথম দিকে সিলেটে সুরমা নদীতে খনন কার্যক্রম শুরু হয়। সিলেট সদর উপজেলার আলমপুর থেকে দশগ্রাম পর্যন্ত চর এলাকা চিহ্নিত করে খনন কাজ চলছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এ খনন কার্যক্রম চলবে। এ প্রকল্পের সবকিছু ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং দেখাশোনা করছে।

সিলেট বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, সুরমা ব্যতীত সিলেটের আর কোনো নদী খনন হচ্ছে না। সুরমা খনন শেষ হলে পরবর্তীতে সুনামগঞ্জের দোয়ারা এলাকায় খনন হওয়ার কথা রয়েছে।

নদীর দখল-দূষণের বিষয়ে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন,নদীর জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। আর দূষণের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। দখলের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে দখল করা দেওয়াল ভেঙে দেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: