সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সময়ের আগেই বোরো ধানের থোর বেরিয়েছে,এতে করে কৃষকের বেড়েছে দুশ্চিন্তা ও অতিরিক্ত খরচ।
বীজতলা পোতা থেকে ধান পাকার সময় পর্যন্ত প্রায় ৬ মাস লেগে যায়। কিন্তু সময়ের আগেই রূপায়িত বোরো ধানের ছড়া বেরিয়ে পড়েছে। বীজতলা হতে রোপনের কিছু দিন পর থেকেই বেরোতে শুরু করেছে ধানের শিস।
সময়ের আগেই অপুষ্ট শিস আসায় গভীর সংকটে পড়েছেন নওয়াগাঁও গ্রামের বহু চাষি।
সোমবার ১৯ ফেব্রয়ারী সকালে সরেজমিনে বিভিন্ন কৃষকের জমিতে গিয়ে কথা হলে তারা জানান, এখন ধানের গোছা পেড়ানোর সময়। কিন্তু ধানের ছড়া বেরিয়েছে। ছড়াতেও দেখা যাচ্ছে রোগের আক্রমণ এবং অপুষ্ট ।সার ও বীজ ডিলারসহ বিভিন্ন জনের সাথে কথা বলে পরামর্শক্রমে তারা বিভিন্নভাবে ঔষধ প্রয়োগ করছেন।এতে করে কৃষিতে তাদের অতিরিক্ত খরচ ও শ্রম বেড়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সাদা সার ও লাল সার প্রয়োগ করে দুই এক দিন ধানের গাছ ভালো দেখালেও পুনরায় আবার একই অবস্থা। তারা বলেন,কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী এ বছর তারা ২৮ ও ২৯ জাতের ধান আবাদ বাদ দিয়ে ৮৯,৯২ বঙ্গবন্ধু ১০০ সহ উচ্চ ফলনশীল হাইব্রিড বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। সেইসব যাতে দেখা দিয়েছে এই সমস্যা। কৃষকরা বলছেন বীজের মান গুণগত না হওয়ায় এবং সঠিকভাবে বীজ সংরক্ষিত না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস বলছে,বীজ তলায় ধানের চারার বয়স বেশিদিন হওয়ায় এই সমস্যা হচ্ছে। তবে একথা মানতে নারাজ কৃষকেরা।তারা বলছেন দুই একজন কৃষকের সমস্যা হলে কথা ছিল না।সচারাচর বেশিরভাগ কৃষকের একই সমস্যা। চাষিদের দাবি, তাঁরা ২০-২৫ বছর ধরে গ্রীষ্মকালীন বোরো চাষ করে আসছেন। আগে এমনটা হয়নি। বীজধানে কোনও সমস্যা থাকার ফলেই চাষের এই সমস্যা বলে তাঁদের অনুমান। ধানের বীজ যেখান থেকে কিনেছিলেন চাষিরা, সেই সব দোকানেও হাজির হয়ে এর কারন জানতে চাইছেন।
স্হানীয় সালুটিকর বাজারের সার ও বীজ ডিলার এমাদ উদ্দিন জানান,ইউনিয়নের বেশিরভাগ কৃষক তার কাছে এই সমস্যা নিয়ে আসছে।নন্দীরগাঁও মানাউরা ও হাওরাঞ্চলের কৃষকেরা তার দোকানে এই সমস্যা নিয়ে আসছেন। তিনি উপজেলা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।
তিনি জানান ইউনিয়নের বেশির ভাগ কৃষক এই সমস্যায় ভুগছেন।এর কারণ সম্পর্কে তিনি জানান কৃষি কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, উপসহকারী কৃষি কর্মকর্তাকে মাঠ পর্যায়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।না দেখলে প্রকৃত কারণ বলা যাবে না।তবে প্রতি বিঘায় ১৫ কেজি সাদা সার ও দশ কেজি লাল সার প্রয়োগ করলে এই সমস্যা থাকবে না।
জৈন্তাবার্তা/এমকে




