জৈন্তাপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ০৪:১৫:১৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

জৈন্তাপুরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের চিত্র।


জৈন্তাপুর উপজেলায় সারি নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যাক্তিরা হলেন উপজেলার উত্তর কামরাঙ্গিখেল গ্রামের ফুরকান আলির ছেলে আব্দুল মালিক (৫০), উত্তর বাউরভাগ গ্রামের মুছা মিয়ার ছেলে শাহীন (৫০) ও দক্ষিণ কামরাঙ্গিখেল গ্রামের মৃত সুরুজ আলির ছেলে সেলিম (৩৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, আহত সবাই বারকি শ্রমিক। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ ঘটিকার সময় আফিফা নগর চা বাগান সংলগ্ন সারী নদীর পাড় থেকে বালু উত্তোলন করতে যায় ৩০/৪০ টি নৌকা।

এসময় নৌকায় কাজ করতে থাকা শতাধিক বালু শ্রমিককে কাজ করতে বাঁধা প্রদান করে স্হানীয় উত্তর কালিন্জিবাড়ী এলাকার সিরাজউদ্দীনের ছেলে বাবুল (৬০)। 

বালু উত্তোলনের এলাকা নিজেদের দাবী করে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাবুলের নেতৃত্বে একই এলাকার ডালিম, গুলজার, তাজ উদ্দিন, আব্দুল শুক্কুর সহ অনেক গ্রামবাসী বালু শ্রমিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

এক পর্যায়ে উপরোক্ত নামীয় তিনজন ব্যাক্তি গুরুতর আহত হলে তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

আহত আব্দুল মালিকের ভাই রহমত আলি বলেন তারা বাবুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তার ভাই সহ বালু শ্রমিকদের উপর হামলা করে।এতে মালিক ও সেলিমের মাথায় গুরুতর জখম ও শাহীনের শরীরের পিছনে রক্তাক্ত জখম হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রূত ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের সিওমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: