ছবি: সংগৃহীত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া কর্মকর্তার নাম, অপু রঞ্জন দাস। তিনি উপজেলার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। তবে আটক হওয়া অপর তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দিবাগত-রাতে (৭ মে) ৪নং শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামে কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় জনতার হাতেনাতে আটক হন ওই কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার শাল্লার চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানা ভাবে প্রচারণা চালান। পরে রাতবাড়ার সাথে সাথে ওই প্রিজাইডিং অফিসারসহ ৪ জন কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। এসময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে অপু রঞ্জন দাসসহ ৪ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। তিনি জানান, ঘোড়া প্রতীকের পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার টাকা বিতরণের অভিযোগ আটক করা হয়েছে এখন পর্যন্ত৪ জন আটক আছেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং করে আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
এস এইচ টি/




