সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্মই গড়বে স্মার্ট, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ: কয়েস লোদী

সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৮:২৫:১০ অপরাহ্ন

সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব-২০২৬’। উৎসবে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে ২০টি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মডেল প্রদর্শন করে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ, সিলেটের উদ্যোগে এ বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানবিষয়ক বইমেলার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক আবু তালহা পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান উৎসব শুধু নতুন কিছু আবিষ্কারের প্রদর্শনী নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের অন্যতম মাধ্যম। আজকের ছোট্ট একটি চিন্তাই আগামী দিনে বড় কোনো আবিষ্কারের সূচনা হতে পারে। তাই প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতে হবে, নতুন কিছু ভাবতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের নিজস্ব আগ্রহ, পছন্দ ও মেধার ক্ষেত্র চিহ্নিত করে সে অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডাব্লিউএমসির উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল ইনচার্জ ও সহকারী অধ্যাপক মরিয়মুন্নেছা মল্লিকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাসুদে রাব্বানী, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি রানী বিশ্বাস এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর।

উৎসবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন মডেল প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার ধোঁয়া পরিশোধন, প্লাস্টিক ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানিচক্র, বন্যার আগাম সতর্কবার্তা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা, জৈব সার উৎপাদন, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।

উৎসবের সমাপনী পর্বে স্কুল ও কলেজ বিভাগে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। উভয় বিভাগে প্রথম স্থান অর্জনকারী দলকে ৫ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ২ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। এ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক এবং কলেজের সাবেক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল